এক চার্জে ৬০০ কিলোমিটার চলবে ভলভোর ট্রাক
সুইডিশ গাড়ি নির্মাতা কোম্পানি ভলভো দাবি করেছে, তাদের তৈরি বৈদ্যুতিক ট্রাক একবার চার্জে ৬০০ কিমি (৩৭৩ মাইল) পর্যন্ত চলতে সক্ষম হবে। এটি তাদের এফএইচ ইলেকট্রিক ট্রাকের আরও উন্নত সংস্করণ হতে যাচ্ছে। খবর রয়টার্স।
খবরে বলা হয়, দীর্ঘ যাত্রার জন্য প্রয়োজনীয় বড় আকারের ব্যাটারি এবং উন্নত সফটওয়্যার যুক্ত করা হবে নতুন ট্রাকটিতে। আগামী বছরের দ্বিতীয়ার্ধে ট্রাকটি বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।
ভলভো ট্রাকের প্রেসিডেন্ট রজার আল্ম জানিয়েছেন, নতুন মডেলের বৈদ্যুতিক ট্রাকটি পণ্য পরিবহনের চাহিদার কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে। এই ট্রাকে শক্তিশালী ব্যাটারি ব্যবহারের পাশাপাশি সামগ্রিক সুবিধা বৃদ্ধি করা হবে। পরিবহন খাত বিশ্বব্যাপী ৭ শতাংশ কার্বন নির্গমন করে থাকে। বৈদ্যুতিক ট্রাক তৈরির মাধ্যমে এই দূষণ কমাতে চেষ্টা করছে ভলভো।
ডিবিটেক/বিএমটি







